টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ঘাটাইলের গারট্ট গ্রামের মো. হামিদ মিয়ার ছেলে মো. তায়েবুল হোসেন (৪৩), তার মেয়ে তাহমিনা বেগম (২৪) ও নাতি মো. তাওহীদ (৮ মাস)।

বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের টিম লিডার মোস্তাফিজুর রহমান। তিনি জানান, নিজের ব্যাটারিচালিত অটোরিক্সা নিয়ে তায়েবুল হোসেন কালিহাতীর হাতিয়ায় অবস্থিত মেয়ের শ্বশুরবাড়ী থেকে মেয়ে ও নাতিকে নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। হাতিয়া রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ধাক্কায় তার ব্যাটারিচালিত অটোরিকশাটি দুুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তায়েবুল ও শিশু তাওহীদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাহমিনাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে টাঙ্গাইল রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।