গাজীপুরের কাপাসিয়ায় দুর্বৃত্তদের হামলায় আহত কৃষক দল নেতা হেলাল উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। তিনি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের কোটবাজালিয়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে এবং উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। গতকাল দুপুরে কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার দিবাগত রাত ১০টার দিকে কোটবাজালিয়া গ্রামে কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে তার মাথায় আঘাত করে তাকে আহত করে। কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম নিহতের পরিবারের সদস্যদের বরাতে বলেন, ‘শনিবার রাত ১০টার দিকে হেলাল উদ্দিন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। কোটবাজালিয়ায় পৌঁছামাত্র কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে তার মাথায় ও পিঠে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।’

ওসি আরো বলেন, ‘স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রোববার ভোরে তার মৃত্যু হয়।’

গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদ বলেন, ‘হেলাল উদ্দিন কাপাসিয়া উপজেলা কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দোষীদের আইন অনুযায়ী শাস্তির দাবি করছি।’

হেলাল উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।