জুলাই গণ-অভ্যুত্থানে রাজশাহীতে সাকিব আনজুম ও আলী রায়হান হত্যা মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ। এ দুটি মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনসহ ২৪৪ জন। এছাড়া ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা আরো সাতটি মামলার চার্জশিট দিয়েছে পুলিশ।
গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান। তিনি জানান, নয়টি মামলার তদন্ত করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তদন্ত শেষে গতকাল আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় নয়টি মামলা হয়েছে। এর মধ্যে আলী রায়হান হত্যা মামলাটি বোয়ালিয়া থানায়। এ মামলায় ১২৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়েছে। সাকিব আনজুম হত্যা মামলায় ১১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, ‘তদন্তে আমরা মিডিয়াসহ বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত ভিডিওগুলো গুরুত্ব দিয়েছি। পাশাপাশি প্রত্যক্ষদর্শী ও আমাদের সোর্স দিয়ে অভিযোগটিপত্র প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে প্রমাণযোগ্য অকাট্য তথ্য ও প্রমাণের বিশ্লেষণ করেই অভিযোগপত্রটি প্রস্তুত করা হয়েছে।’
গাজিউর রহমান বলেন, ‘এসব এজাহারনামীয় আসামির বাইরেও অজ্ঞাতনামা প্রায় ১২০০ আসামি ছিল। এর মধ্যে দুটি মামলায় চার্জশিট হয়েছে ২৪৪ জনের বিরুদ্ধে।’
রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম বলেন, ‘আদালতে পুলিশের পক্ষ থেকে বেশকিছু মামলার চার্জশিট দেয়া হয়েছে। এগুলো ধারা অনুযায়ী বিভিন্ন আদালতে যাবে। তবে পুলিশ যে অভিযোগপত্র দিচ্ছে বা তার যে বিশ্লেষণগুলো দিচ্ছে তাতে মনে হচ্ছে অভিযোগগুলো প্রমাণ করা যাবে।’










