আজ রোববার সকাল থেকেই সারা দেশের আবহাওয়া ছিল শুষ্ক। আগামীকাল সোমবারের দেশের আবহাওয়ার অবস্থা একই থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সন্ধ্যায় আবহাওয়াবিদ হাফিজুর রহমান বণিক বার্তাকে জানান, আগামীকাল দেশের বেশিরভাগ অঞ্চল কুয়াশামুক্ত ও শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে আগামী ২৪ ঘণ্টা দেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলোতে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছেন তিনি। 

পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে আগামীকাল সকালে দেশের তাপমাত্রা বেশ ঠাণ্ডা থাকবে। কোথাও কোথাও কুয়াশারও দেখা মিলবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ।

এর আগে পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছিল। তবে সেটি নিয়ে এখন আর কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন হাফিজুর রহমান। তিনি জানান, দেশের কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল থেকে ঢাকায় উত্তর-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়েছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ।