এবারের কোরবানিতে সবচেয়ে বেশি পশু বিক্রি হয়েছে ঢাকায়, ২৫ লাখ ২৯ হাজারের বেশি। আর সবচেয়ে কম বিক্রি হয়েছে ময়মনসিংহে। তবে সারা দেশে অবিক্রিত পশুর সংখ্যা ২৫ লাখ ৭১ হাজার ৪৪৯টি।
প্রাণিসম্পদ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবার কোরবানি ঈদে সারা দেশে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮ গবাদিপশু বিক্রি হয়েছে।
এ বছর ঢাকা বিভাগে ২৫ লাখ ২৯ হাজার ১৮২, চট্টগ্রামে ২০ লাখ ৫৭ হাজার ৫২০ আর রাজশাহীতে ২৪ লাখ ২৬ হাজার ১১১টি পশু বিক্রি হয়। বিভিন্ন অঞ্চলের খামারি ও মৌসুমি পশু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ছোট ও মাঝারি গরুর চাহিদা ছিল বেশি। সে তুলনায় বড় গরুর ক্রেতা ছিলেন খুবই কম।
কোরবানির জন্য এবার মোট ১ কোটি ২৯ লাখ ৮০ হাজার ৩৬৭টি পশু মজুদ ছিল বলে তথ্য দিয়েছিল প্রাণিসম্পদ অধিদপ্তর। সে অনুযায়ী ২৫ লাখ ৭১ হাজার ৪৪৯টি পশু অবিক্রিত থেকে গেছে। এত পশু অবিক্রিত থাকায় বড় ক্ষতির মুখে পড়েছেন খামারি ও ব্যাপারীরা। তবে সবচেয়ে বেশি লোকসান গুনতে হয়েছে বড় খামারীদের, যাদের কাছে বড় গরুর জোগান বেশি ছিল।










