আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানাবে পুলিশ।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ওবায়দুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার (১৯ আগস্ট) রাতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়। অন্যদিকে একই রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে গ্রেফতার করা হয়েছে। দু’জনকেই ডিএমপির মোহাম্মদপুর থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।










