পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, সুস্থভাবে বেঁচে থাকতে ক্ষতিকর প্লাস্টিক ও পলিথিন পণ্যের ব্যবহার বন্ধ করতে হবে। পলিথিন ব্যাগের পরিবর্তে পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে গতকাল এক ঈদ উপহার (শাড়ি, লুঙ্গি) বিতরণ উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পূর্ব বাসাবোর প্রিন্স গার্ডেন কনস্ট্রাকশন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, ‘বায়ুদূষণের উৎসগুলো চিহ্নিত করেছে সরকার। তবে এককভাবে নয়, বরং যৌথভাবে কাজ করা হলে আগামী বছর এক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা যাবে।’ ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান পরিবেশবান্ধবভাবে আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান মন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার সবসময় জনগণের পাশে দাঁড়ায়। ঈদুল ফিতর একটি আনন্দের উৎসব। এ সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।’ প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ইফতার পার্টির আয়োজনের পরিবর্তে ওই অর্থ দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।