রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এ সময় তিনি গাড়িতে ছিলেন না।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি মগবাজারে বিশাল সেন্টারের সামনে পার্ক করা ছিল। ওই এলাকায় তার ব্যক্তিগত অফিস রয়েছে। ভোরের দিকে কে বা কারা এসে গাড়িটি লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে কে বা কারা এবং কী কারণে গুলি চালানো হয়েছে সে সম্পর্কে জানা যায়নি।

তিনি আরো বলেন, জড়িতদের শনাক্তে আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে পুলিশ। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।