যশোর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে ২৯৯টি। কোনো কোনো কেন্দ্রে সব পরীক্ষার্থীর জায়গা সংকুলান না হওয়ায় পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানের ভবন ব্যবহার করা হলে সেটিকে ভেন্যু কেন্দ্র বলা হয়। বোর্ডের অধীনে এমন ভেন্যু কেন্দ্র রয়েছে ১৪০টি। এসব কেন্দ্রে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় শিক্ষার্থীরা। তবে আগামী বছর এসএসসি পরীক্ষায় এ সুযোগ বাতিল করছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
অভিযোগ রয়েছে, ভেন্যু কেন্দ্রের সুযোগ ব্যবহার করে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের অধীন ও নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করছে। সেক্ষেত্রে পরীক্ষায় অনৈতিক সুবিধা প্রদানেরও অভিযোগ উঠছে। বিষয়টি আমলে নিয়ে যশোর শিক্ষা বোর্ড ভেন্যু কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন বলেন, ‘এসএসসি পরীক্ষা নকলমুক্ত, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশে গ্রহণ করা হবে। এজন্য ২০২৬ সালে এসএসসির ভেন্যু কেন্দ্র থাকবে না।’
তিনি বলেন, ‘যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ভেন্যু কেন্দ্র স্থাপন করে নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করে আসছে, তাদের নিকটস্থ যেকোনো কেন্দ্রের সঙ্গে যুক্ত হতে হবে। এজন্য তারা যে কেন্দ্রে যুক্ত হতে ইচ্ছুক তা আবেদনের মাধ্যমে জানাতে অনুরোধ করা হয়েছে। সেই সঙ্গে ছয়টি বিশেষ শর্ত দেয়া হয়েছে।’
পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, ‘শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের কেন্দ্রে পরীক্ষা দিলে নকল করার অভিযোগ ওঠে। শিক্ষকরা নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েন। পরীক্ষার পরিবেশ নষ্ট হয়। এ কারণে আসন্ন এসএসসি পরীক্ষা নকলমুক্ত, শান্তিপূর্ণ ও প্রভাবমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃবোর্ডের সিদ্ধান্তে ভেন্যু কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভেন্যু কেন্দ্র বাতিল হলে দুই-এক জায়গায় কেন্দ্র বাড়তে পারে। তবে পুরো বিষয়টি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যথেষ্ট সময় হাতে রয়েছে।’










