বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জা‌নিয়েছেন দেশটির রাষ্ট্রপ‌তি দ্রৌপদী মুর্মু।

মঙ্গলবার (২৬ মার্চ) এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপ‌তি মোহাম্মদ সাহাবু‌দ্দি‌নকে পাঠানো চি‌ঠিতে ভারতের রাষ্ট্রপ‌তি লিখেছেন, ভারত সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে আপনার মাধ‌্যমে বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানা‌চ্ছি।

দ্রৌপদী মুর্মু বলেন, বিগত এক দশকে ভারত-বাংলাদেশ সম্পর্কে গুণগত পরিবর্তনের মাধ‌্যমে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। দুই দেশের নেতৃত্বের মাধ‌্যমে জনগণের মধ্যে সম্পর্ক আরো জোরদারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।