বান্দরবানের থানচি উপজেলার গহিন পাহাড়ে পুঁতে রাখা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো এক শ্রমিক। উপজেলা সদর থেকে ৩৫ কিলোমিটার দূরে বঙ্কুপাড়া এলাকায় গতকাল সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বিষয়টি নিশ্চত করেছেন। 

নিহত মো. রাশেদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের মদিনাপাড়ার নুরুল হকের ছেলে। আহত দুলাল একই এলাকার মহিবুল্লাহর ছেলে। দুজনই নির্মাণাধীন থানচি-রেমাক্রি-লইক্রি সড়কে শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন। 

থানচি থানার ওসি এমদাদুল হক বণিক বার্তাকে বলেন, ‘কেএনএর পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে হতাহতের ঘটনাটি ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’