ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে বাস, মাইক্রোবাস ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে দুইজন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শিবচর উপজেলার কুতুবপুর এলাকায় ঢাকা-ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুর এলাকার মৃত ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) ও তার পুত্রবধু মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৮)।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসে করে পরিবারের সদস্যরা রাজধানী ঢাকায় যাচ্ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস কুতুবপুর এলাকায় পৌঁছালে সেটি একটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়। একই সময় পেছন থেকে পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস এসে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ফিরোজা বেগম ও তার শ্বশুর মাসুদ বিশ্বাস মারা যান। দুর্ঘটনায় মাইক্রোবাস ও বাসের আরো পাঁচজন যাত্রী আহত হন।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশের হেফাজতে রাখা হয়েছে।