বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সহযোগিতায় চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) কভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে ভারতফেরত করোনা রোগীর নমুনায় আফ্রিকান ভ্যারিয়েন্ট (ধরন) শনাক্ত হয়েছে। সম্প্র্রতি ওই আক্রান্ত ব্যক্তির নমুনা থেকে এসএআরএস-সিওভি-২ বা নভেল করোনাভাইরাসের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন করা হয়। এতে আফ্রিকান ধরনের উপস্থিতি দেখা যায়।

গতকাল সিভাসুর উপপরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি জানান, ১৫ মে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম থেকে ভারতফেরত ছয়জন বাংলাদেশী নাগরিকের করোনাভাইরাস টেস্টের নমুনা সিভাসুর কভিড-১৯ শনাক্তকরণ ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে পাঁচজনের কভিড নেগেটিভ এবং একজনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।