মাগুরার শালিখা উপজেলার শাবলাট গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী হামলায় আওয়ামী লীগের এক সমর্থক নিহত হয়েছেন। তার নাম শরীফুল ইসলাম মোল্যা (৫০)। এ ঘটনায় তার ছেলেসহ চারজন গুরুতর আহত হয়েছে। আজ শনিবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, শরীফুলের ছেলে রাজীবুল হোসেন রাজীব (৩০),  চান আলী মোল্যার ছেলে বদরু উদ্দিন মোল্যা (৪৫), সাহাদৎ মোল্যার ছেলে আনিছুর রহমান (৪৫) ও মৃত বিশারত মোল্যার ছেলে মহাব্বত আলী মোল্যা (৩৫)।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার পর শরীফুল ইসলামসহ আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফুলকে মৃত ঘোষণা করেন।

আহতদের মধ্যে আনিছুর রহমান, মহাব্বত আলী ও বদরুদ্দিনের অবস্থা আশংকাজনক বলেও জানান ওসি।