সন্ত্রাসীদের গুলিতে আহত নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ খান মারা গেছেন। গুলিবিদ্ধ হওয়ার তিন মাস পর গতকাল বিকালে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সকাল সোয়া ৬টার দিকে শিবপুর পৌর এলাকার বাজার সড়কে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন হারুনুর রশিদ খান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফেরার কিছুদিন পর ১৯ মে তিনি পুনরায় অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৩ দিন আইসিইউতে থেকে গতকাল বিকালে তিনি মারা যান। 

এদিকে হারুনুর রশিদ খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। হারুন খানের সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে টায়ার জ্বালিয়ে আগুন লাগিয়ে ঢাকা-নরসিংদী-মনোহরদী-কিশোরগঞ্জ সড়ক বন্ধ করে দেয়। শিবপুর বাজারে সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্থাপনা ভাংচুর করে এবং একটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।