খুলনা জিলা স্কুলের শিক্ষক মাওলানা মো. জান্নাতুল ফেরদৌসসহ (৪০) করোনার উপসর্গ নিয়ে খুলনায় তিনজনের মৃত্যু হয়েছে।

গতকাল বুধবার দিবাগত রাতে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। বাকি দুজন হলেন- মহানগরীর বাগরামার সোহরাব শেখের ছেলে হারুন শেখ (৫৫) ও রায়ের মহল এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে বাবু (৪৫)।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান এ সব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালিশপুর এলাকার ফেরদৌসকে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে বুধবার দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১ ঘন্টা পর রাত ১টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। পাশাপাশি

জ্বর, কাশির সমস্যা নিয়ে হারুন শেখ বুধবার বিকেল ৪টা ২৫ মিনিটে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৯ ঘন্টা পর রাত ১টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। 

এছাড়া, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বাবু ২৩ জুন রাত ৮টা ১০ মিনিটে খুমেক হাসপাতালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউতে রেফার্ড করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩২ ঘন্টা পর বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটে তার মৃত্যু হয়।

করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।