সরকার বর্তমানে সামান্য আর্থিক চাপে আছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বলেন, বৈশ্বিক কারণে সারা দুনিয়া টালমাটাল। আমরা বর্তমানে সামান্য কিছু আর্থিক চাপে আছি। ভয়ের কোনো কারণ নেই। করোনার আগে যে পর্যায়ে ছিলাম আমরা সেই পর্যায়ে নেই। এজন্যই আপনারা মাঝে মাঝে মনে করেন উন্নয়নের গতি কমে গেছে। আমরা অচিরেই এই গতি অর্জন করতে পারবো, হাতের কাজগুলো সম্পন্ন করতে পারবো। 

আজ বুধবার (২৪ মে) দুপুরে মৌলভীবাজারের রেস্ট ইন হোটেলে ‘মৌলভীবাজার জেলার উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, হাওরের জলাভূমিতে, চরে, উপকূলে সাবধানে কাজ করতে হবে। হাওরে বাঁধ নির্মাণ করলে পানি চলাচলে বাধাগ্রস্ত হয়। এতে পানি বাড়ি-ঘরে উঠে যায়। হাওরের পরিবেশ রক্ষার ব্যাপারে প্রশাসন নিয়মিত তদারকি করছে। আমাদেরও সচেতনতার অভাব আছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি নয়, পরিবেশের উন্নয়ন, জাতির মানসিকতার পরিবর্তন সেগুলো আমাদের রাজনৈতিক দায়িত্ব। মন্ত্রী আরও বলেন, সবাইকে সহিষ্ণু হতে হবে। মাঠে নেমে মাঠের  খেলা মাঠের আইন অনুযায়ী খেলতে হবে। কারো ইচ্ছায় নয়। 

মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান ও সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন, ক্যাম্পেইন গ্রুপের সমন্বয়ক মোহম্মদ মকিস মনসুর প্রমুখ।