ভোলায় পুকুর ডুবে রেয়ানা (৬) ও জাহিদ (৪) নামে দুই চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে সদর উপজেলার দক্ষিণ ইলিশা ইউনিয়নের কালুমিয়ার হাট গ্রামের হামিদউল্লা মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। রেহানা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, গতকাল বেলা ১১টার দিকে জসিম মাঝি তাদের বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যান। তখন বাড়ির ছেলেমেয়েরা মাছ কুড়াতে যায়। মাছ শিকার শেষে জসিম মাঝি জাল ও মাছ নিয়ে বাড়িতে চলে আসেন। আর অন্য ছেলেমেয়েরাও চলে যায়। কিন্তু রেয়ানা ও জাহিদ তখনো পুকুর পাড়ে মাছ কুড়াতে থাকে। এদিকে জসিম মাঝি চলে আসার প্রায় ২ ঘণ্টা পর শিশু দুটি বাড়িতে ফিরে না আসায় বেলা ১টার দিকে তাদের খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা।
জসিম মাঝির মেয়ে ও মৃত জাহিদের বড় বোন হাফছা পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে চিত্কার দেয়। স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ধারণা করা হচ্ছে, মাছ কুড়ানোর সময় জাহিদুল পানিতে পড়ে গেলে রেয়ানা তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। এতে তাদের দুজনেরই মৃত্যু হয়েছে।
ভোলা সদর হাসপাতালের আরএমও ডা. নিরুপম সরকার দুই চাচাতো ভাইবোনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে ইলিশা ইউনিয়ন থেকে পানিতে পড়া ছয় ও চার বছর বয়সী দুই শিশুকে সদর হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছার আগেই তাদের মৃত্যু হয়েছে।










