সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, আমাদের নেত্রী গণতন্ত্রের মানসকন্যা বেগম খালেদা জিয়া। তিনি শুধু নেত্রী নন, তিনি আমাদের মেন্টর। তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। এ মুহূর্তে দেশের জন্য, জাতির জন্য ও জনগণের জন্য তাকে অনেক বেশি প্রয়োজন।
শুক্রবার দুপুরে নেত্রকোনার মদন উপজেলার কুলিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, আমরা নেত্রীর সুস্থতার জন্য দোয়া করছি। আপনারাও সবাই দোয়া করবেন। গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় মানুষ যদি নেত্রীর জন্য দোয়া করেন, তাহলে তিনি অবশ্যই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বিশ্বাস করি। কারণ, আল্লাহ চাইলে সব পারেন।
লুৎফুজ্জামান বাবর নিজের কথা উল্লেখ করে বলেন, আমি সাড়ে ১৭ বছর জেলে ছিলাম। আমাকে তিনটা মৃত্যুদণ্ড ও তিনটা যাবজ্জীবন দণ্ডসহ অনেকগুলো দণ্ড দেয়া হয়েছিল। আমি কখনো ভাবিনি, এভাবে আবারো আপনাদের মাঝে ফিরে আসতে পারব। কিন্তু আল্লাহ আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে দিয়েছেন। এ জন্য আল্লাহ তায়ালার কাছে হাজার কোটি শোকরিয়া।
মদন ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান আকন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর ইকবাল সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া ও মিলাদ মাহফিলে এলাকার শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।










