স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমরা সব সময় দেখে
আসছি ষড়যন্ত্রকারীরা নির্বাচন এলেই এক হয়ে যায়
নতুন ষড়যন্ত্রের জন্য। শেখ হাসিনা শুধু আমাদের নেতা নন, তিনি বিশ্বনন্দিত নেতা। তিনি কারও রক্তচক্ষু কিংবা ধমকে মাথা নত করেন না
বা ঘাবড়ে যান না।
শনিবার (১০ জুন) সাভারের ধামরাইয়ের বৈন্য-কুশুরা পুলিশ ক্যাম্প উদ্বোধন উপলক্ষে মাদক ও সন্ত্রাসবিরোধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি (শেখ হাসিনা) সবসময় মাথা উঁচু করে চলতে শিখেছেন, আমাদেরও মাথা উঁচু করে চলতে শেখার প্রেরণা দিয়ে যাচ্ছেন। অনেক ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের স্বাধীনতার সময় একদম শেষ মুহূর্তে আমাদের বাধাগ্রস্ত করার জন্য প্রচেষ্টা চলছিল। সেদিন যে বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছিল তারাই আমাদের প্রকৃত বন্ধু।
মন্ত্রী বলেন, যারা স্বাধীনতা বিরোধী শক্তি তারা আজ একত্রিত হয়ে দুঃস্বপ্ন দেখছে আবারও নাকি ক্ষমতায় আসবেন। কি করে আসবেন? মানুষের ভোট পেতে হবে তো। যেখানে জনগণ এক কথায় বলছেন শেখ হাসিনার বিকল্প শুধু শেখ হাসিনা। তাহলে কিভাবে আসবেন, ভোটেই তো আসবেন না আপনারা। তারা ভোট বিশ্বাস করে না, ষড়যন্ত্রের মাধ্যমে তাদের যদি কেউ গদিটা পাইয়ে দেয় সে চেষ্টা তারা করে চলেছেন। কিন্তু প্রধানমন্ত্রী কোনো ষড়যন্ত্রকে বিশ্বাস করেন না, কারো পেশিশক্তিতে বিশ্বাস করেন না। তিনি জনগণের শক্তিকে বিশ্বাস করেন। তাই কোনো অপশক্তি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর সক্ষমতা রাখে না।
জামায়াত সম্পর্কে তিনি বলেন, বাইতুল মোকাররমের উত্তর গেটে জামায়াত সবসময় তাদের অনুষ্ঠান করত। জামায়াতকে এবার বলে দেওয়া হয়েছে ওই জায়গায় অনুষ্ঠান করলে তীব্র যানজটের সৃষ্টি হতে পারে। সেজন্য তারা যেন অন্য কোন ভেন্যু বেছে নেয়। তারা ভেন্যু পরিবর্তন করে অন্য জায়গায় গিয়েছে।
আসাদুজ্জামান খান বলেন, কিছু কিছু লোক বলছেন আমরা বিদ্যুৎ পাই না। আমরা বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করেছি। আমাদের এখন ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার সক্ষমতা রয়েছে। আমাদের যেটা চাহিদা সেটা আমরা দিয়েছি। সারা বাংলাদেশে আমরা বিদ্যুতায়ন করেছি। এখন বিদ্যুতের ঘাটতি কেন প্রশ্ন আসতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যেটার মধ্যে আমাদের হাত নেই। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে আমাদের বিদ্যুৎ তৈরির উপাদানগুলোর সবগুলোর পরিবহন ব্যয় তিনগুণ চার গুণ বেড়েছে। এলএনজির দাম ৩ থেকে ৪ গুণ বেড়েছে। প্রধানমন্ত্রী বলেছেন জুনের শেষে বিদ্যুতের ঘাটতি থাকবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্রব্যমূল্যের দাম অবশ্যই কিছু বেড়েছে। সরকারের পক্ষ থেকে আমরা ভর্তুকি দিচ্ছি। ভর্তুকি দিতে দিতে আমাদের অর্থনীতিতে একটু চাপ পড়েছে। আমরা সাত লাখ ৬১ হাজার কোটি টাকার বাজেট দিয়েছি। প্রধানমন্ত্রী সব কিছুই করে দেখিয়েছেন, আমরা আগামীতেও দেখিয়ে দেব যে আমরা পারি। বাঙালি জাতি মাথা নত করার জাতি নয়, বাঙালি সব সময় মাথা উঁচু করে চলবে এটাই হলো বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমেদ, বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।










