নদী পথে বিভিন্ন নৌ-যান চালকরা সরকারি নির্দেশনা অমান্য করায় নৌ-দুর্ঘটনা ঘটছে বলে মনে করছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নৌ-পথে সরকারি সব নির্দেশনা ও নিয়ম শৃঙ্খলা মেনে চলতে নৌ-যান চালকদের প্রতি কঠোর নির্দেশসহ মালিকদেরও সতর্ক হওয়ার আহবান জানান তিনি।

আজ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় কর্ণফুলী শীপ বিল্ডার্সে বিআইডব্লিউটিএ'র জন্য চারটি কাটার সাকশান ড্রেজার এবং মোংলা বন্দরের জন্য একটি বয়া লিফটিং জাহাজ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌ-দুর্ঘটনা রোধে সরকার নানা পদক্ষেপ গ্রহণসহ চালকদের বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। বিধিনিষেধ মেনে চলতে তাদের বারবার তাগিদও দেয়া হচ্ছে। তরপরেও নৌ-যান চালকরা তা অমান্য করায় দুর্ঘটনা ঘটে চলছে। নৌ-দুর্ঘটনা রোধ করতে হলে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি। 

খালিদ মাহমুদ চৌধুরী জানান, নদী দখল ও দূষণমুক্ত করতে সরকার ১০০ বছর মেয়াদী নানা পরিকল্পনা নিয়ে কাজ করছে। নদীর নব্যতা ও গতিপথ ঠিক রাখতে সারা দেশেই খনন কাজ চলছে। নদী দখলমুক্ত করতে দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। তবে নানা প্রতিবন্ধকতার কারণে যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না।

উদ্বোধন শেষে নৌ-প্রতিমন্ত্রী জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানটির টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিদর্শন করে খোঁজ খবর নেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌ-পরিবহন পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী, বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক এবং কর্ণফুলী শীপ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আবদুর রশিদ।