সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের রাজাই গ্রামে এক আদিবাসী নারীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ হাজং ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটি। গতকাল বেলা ১১টায় শহরের আলফাত উদ্দিন স্কয়ার ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সংহিত প্রকাশ করে বাংলাদেশ জাতীয় হাজং পরিষদ, বাংলাদেশ আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক, বাংলাদেশ আদিবাসী ছাত্রকল্যাণ পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতারা। এ সময় নানা শ্রেণী-পেশার লোক মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধন চলাকালে বাংলাদেশ হাজং ছাত্র পরিষদ কেন্দ্রীয় পরিষদের সভাপতি জিতেন্দ্র হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, আধিবাসী নারী নেটওয়ার্কের সদস্য সচিব চঞ্জনা চাকমা, বাংলাদেশ আধিবাসী ফোরামের অর্থ সম্পাদক এন্ডু সলমার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সারা দেশে আদিবাসী নারীরা বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হয়ে আসছেন। কিন্তু এসব সহিংসতার খুব কম বিচার হতে দেখা যায়। আধিবাসীরা সবসময় বঞ্চনার শিকার।

উল্লেখ্য, গত ১৪ আগস্ট জেলার তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা রাজাই গ্রামে এক আদিবাসী নারী ধর্ষণের শিকার হন। এ ঘটনায় ওই গ্রামের আবুল কালামের ছেলে আব্দুল রশিদকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।