পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। একই সঙ্গে চার মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের জন্য নিয়োগপ্রাপ্ত প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১-এর পরিচালক (যুগ্মসচিব) মো. ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে।
গতকাল বিকালে বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নিয়োগপ্রাপ্ত প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমি আদেশের কপি পেয়েছি। এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করিনি। শিগগিরই দায়িত্ব বুঝে নেব।’
পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব আব্দুর রাজ্জাক বলেন, আমিও বিষয়টি শুনেছি। কিন্তু আদেশের কপি হাতে পাইনি।










