খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলমের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় অভিযোগপত্র দেয়ার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দীন। তিনি জানান, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে হোটেল দখলে নিয়ে ব্যবসার দায়ে মামলা করা হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় অভিযোগপত্র দাখিলের জন্য অনুমোদন চাওয়া হয়। ১০ নভেম্বর অনুমোদন দেয়া হয়েছে। শিগগিরই অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।

দুদকের মামলার সূত্রে জানা যায়, খাগড়াছড়ি বাজারের শাপলা চত্বরসংলগ্ন পার্বত্য জেলা পরিষদের অধীন মিমি সুপার মার্কেটের তৃতীয় তলায় নির্মিত আবাসিক হোটেলটি ইজারা ছাড়াই পাঁচ বছর দখলে রাখেন আওয়ামী লীগ নেতা জাহেদুল আলম। ক্ষমতার অপব্যবহার করে ব্যবসাও করেছেন তিনি। কিন্তু পরিষদ কর্তৃক ইজারাপ্রাপ্তদের কাছেও ঘেঁষতে দেননি জাহেদুল আলম। বিষয়টি নিয়ে জেলায় আলোচনা সৃষ্টি হলে ২০১৯ সালের ২ এপ্রিল খাগড়াছড়ি সদর থানায় বাদী হয়ে মামলা করেন দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দীন।

তবে মামলার পরের মাসেই হোটেল ছেড়ে দিয়ে বকেয়া সব ভাড়া পরিষদকে পরিশোধ করেছেন বলে দাবি করেন জাহেদুল আলম।