কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফুলকারচর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নবীকে পেটানোর অভিযোগ উঠেছে।  এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামান রোকন অভিযোগ স্বীকার করে জানান, তাকে ‘দালাল’ বলায় ওই শিক্ষককে থাপ্পড় দিয়েছেন। 

রোকনুজ্জামান উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক।

গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটেছে।  সিসি টিভির ক্যামেরায় এ দৃশ্য ধারণ রয়েছে। পরে সেখানে উপস্থিত লোকজন আহতাবস্থায় ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করেন।

রাত ৮টার দিকে প্রধান শিক্ষক বাদি হয়ে আওয়ামী লীগ নেতা রোকনুজ্জামানসহ দুজনের নাম উল্লেখ করে রৌমারী থানায় একটি লিখিত অভিযাগ দায়ের করেন। 

শিক্ষক নুরুন্নবী অভিযোগ করেন, বিদ্যালয়ের নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগ নেতা রোকন ও আসাদুল ইসলামের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুর রশিদসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস যান তিনি। কাজ শেষে অফিসের দোতলা থেকে নেমে উপজেলা চত্বরে গেলে আওয়ামী লীগ নেতা রোকন ও তার সঙ্গীয় লোকজন জোরপূর্বক তাকে তুলে নিয়ে প্রথমে একটি বাস কাউন্টারে আটকে রাখেন। এ সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেন। 

পরে মোটরসাইকেলে করে ওই প্রধান শিক্ষককে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রৌমারী সিজি জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়রার বিদ্যালয় অফিস কক্ষে নিয়ে যান। সেখানে আবু হোরায়রাকে ঘটনা খুলে বলতে থাকেন। এ সময় আওয়ামী লীগ নেতা রোকন ক্ষিপ্ত হয়ে দুই হাত দিয়ে ওই প্রধান শিক্ষকের গালে এলোপাতাড়ি চড়-থাপ্পড় ও কিল-ঘুসি মারতে থাকেন। একপর্যায়ে রোকন চেয়ার থেকে উঠে ওই আওয়ামী লীগ নেতাকে থামান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত ওই প্রধান শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। 

রোকন বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ের জের ধরে ওই প্রধান শিক্ষক আমাকে ‘দালাল’ বলেছেন। এ সময় আমি নিজেকে সংযত রাখতে না পেরে তাকে দুইটা থাপ্পড় মেরেছি।

এদিকে আবু হোরায়রা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোকন এটা মোটেও ঠিক করেননি। 

তার বিরুদ্ধ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি উপজেলা আওয়ামী লীগ সভাপতিকে জানানো হয়েছে। শিগগিরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।