প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। গতকাল সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একদিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে উপদেষ্টা বলেন, ‘শিক্ষক ও কর্মকর্তাদের মনে রাখতে হবে, আমাদের সব কার্যক্রমের মূল উদ্দেশ্য শিশুদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। শিক্ষকরা শিক্ষা দেবেন আর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করবে। আমাদের প্রধান কাজ হচ্ছে তাদের সহযোগিতা করা। শিক্ষার্থীরা যাতে মাতৃভাষায় কথা বলতে পারার পাশাপাশি ইংরেজি পড়তে ও লিখতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে।’
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বিধান রঞ্জন রায় বলেন, ‘সরকার প্রাথমিক শিক্ষকদের বদলি ও পদায়নের বিষয়টি স্বচ্ছতার মধ্যে আনতে কাজ করছে। এরই মধ্যে বদলির প্রক্রিয়া অনলাইনে নিয়ে আসা হয়েছে, যা শিক্ষকদের জন্য সুবিধাজনক। এছাড়া অনলাইন পদ্ধতির মাধ্যমে সরকারেরও পরিপূর্ণ ধারণা থাকবে কোন জেলায় বা উপজেলায় কী পরিমাণ জনবল নিয়োজিত রয়েছে।’










