সড়ক দুর্ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আটজন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুরে ছয়জন প্রাণ হারিয়েছেন। এছাড়া ঝিনাইদহ ও মেহেরপুরে আরো দুজন নিহত হয়েছেন। গতকাল ও আগের দিন রাতে এসব দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে—
কুমিল্লা: জেলার দাউদকান্দিতে বাসের ধাক্কায় ইটবাহী ট্রলির দুই আরোহী নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হুগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ট্রলির আরো দুই আরোহী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন চান্দিনা উপজেলার বকরীকান্দী গ্রামের মৃত ফজলুল হকের ছেলে তাফাজ্জল হোসেন (৪৫)। অন্যজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। হতাহত ব্যক্তিরা নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে স্টারলাইন পরিবহনের একটি বাস ফেনীতে যাচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হুগুলিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে সামনে থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ট্রলির দুই আরোহী নিহত হন। গুরুতর আহত দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার এসআই জাকির হোসেন জানান, মরদেহ দুটি দাউদকান্দি হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এ ব্যাপারে সড়ক দুর্ঘটনা আইনে মামলা করা হবে।
লক্ষ্মীপুর: রামগঞ্জে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল বিকালে উপজেলার খলিফার দরজা ও কাটাখালী এলাকার মধ্যবর্তী রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উদনপাড়া গ্রামের আটিয়া বাড়ির মো. শাহজাহানের ছেলে হৃদয় হোসেন (২৫) ও একই এলাকার মো. শফিকের ছেলে নাজমুল হাসান (২৪)।
রামগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। অটোরিকশাচালক দুর্ঘটনার পর পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুর: জেলার হাজীগঞ্জে বাসচাপায় নানি ও নাতনি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো মার্জিয়া (৮) ও তার নানি নাজমা বেগম (৪৫)। মার্জিয়া লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিগা ডালি গ্রামের প্রবাসী মানিকের মেয়ে। আর নাজমা বেগম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বড় হাজী বাড়ির মনির হোসেনের স্ত্রী।
হাজীগঞ্জ থানার ওসি মহিউদ্দিন ফারুক জানান, বাস ও চালককে আটক করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে। অবহেলা বা বেপরোয়া গতির কারণেই যদি এ প্রাণহানি ঘটে, তাহলে আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।
ঝিনাইদহ: জেলার হরিণাকুণ্ডুতে ট্রাকের ধাক্কায় রবজেল মৃধা (৫০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় উপজেলার তেলটুপি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবজেল মৃধা উপজেলার হরিয়ারঘাটা গ্রামের বাসিন্দা। হরিণাকুণ্ডু থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মেহেরপুর: গাংনীতে অটোবাইকের ধাক্কায় তানিশা (৭) নামে এক শিশু নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার গাড়াডোব কাচারি এলাকায় মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত তানিশা গাড়াডোব কাচারি পাড়ার তামিম ইকবালের মেয়ে।










