থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে এক নারী ও জিপগাড়ির চালক রয়েছেন। গতকাল রোববার (৭ এপ্রিল) থানচি ও সদর উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে বান্দরবান এসপি অফিস থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার সময় থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকে অস্ত্রধারী ডাকাত দলের ২৫-৩০ জন সদস্য অতর্কিত হামলা করে। এ সময় অস্ত্রের মুখে উপস্থিত লোকদের জিম্মি করে সোনালী ব্যাংক থেকে নগদ ১৫-২০ লাখ টাকা ও কৃষি ব্যাংক থেকে ৩ লাখ টাকা লুট করে। একই সঙ্গে ব্যাংকের কর্মী ও উপস্থিত লোকজনদের কাছ থেকে ১০-১৫টি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। ফিরে যাওয়ার সময় ত্রাস সৃষ্টি করতে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে ঘটনাস্থল থেকে গাড়িযোগে সাজাহং পাড়ার দিকে চলে যায়।
এ ঘটনায় থানচি থানায় মামলা করা হয়। রোববার বিকাল ৬টার দিকে থানচি উপজেলার টিএন্ডটিপাড়ায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য গাড়ি চালক মো. কফিল উদ্দিন সাগরকে (২৮) গ্রেফতার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত একটি জিপগাড়ি জব্দ করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
একই দিন রাত ১১টার দিকে বান্দরবান জেলা সদরের রেইচা যৌথ বাহিনীর চেকপোস্ট এলাকা থেকে রোয়াংছড়ি ইউনিয়নের রোনিনপাড়ার ভান্নুন নুয়াম বমকে গ্রেফতার করা হয়। থানচি ইউনিয়নের সিত্লাংপিপাড়া থেকে গ্রেফতার করা হয় জেমিনিউ বম ও আমে লনচেও বমকে।
পুলিশ জানায়, গত ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলা সদরে সশস্ত্র সন্ত্রাসীরা সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি করে। এর আগের দিন ২ এপ্রিল রাতে রুমা সোনালী ব্যাংকে একই সন্ত্রাসী গ্রুপ আক্রমণ করে। রুমার ঘটনায় ব্যাংকটির ম্যানেজারকে অপহরণ ও সরকারি অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এসব ঘটনায় সংশ্লিষ্টরা বাদী হয়ে রুমা ও থানচি থানায় মামলা করেন।










