রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদের জবাবদিহিতার মধ্যে আনতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে সংস্কার স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে। রাজনীতির ওপর জনগণের আস্থা কম এটা সত্য। তা ফেরাতে হবে রাজনীতিবিদদেরই। এটা করতে হবে জবাবদিহিতার মাধ্যমে। এনজিও ও বেসরকারি খাতকেও জবাবদিহিতার মধ্যে আনতে হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম’ আয়োজিত '”জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা' শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে যারা রাজনীতিতে আসবে তাদের জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে ধারণ করেই আসতে হবে। এটা করতে হবে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে। সংবিধানের মধ্যেই সব ধরনের অধিকার নিশ্চিত করা আছে।

তিনি আরো বলেন, আমলাতান্ত্রিক জটিলতা না বাড়িয়ে সংবিধান ও রাষ্ট্রীয় ব্যবস্থাকে কার্যকর করাই আসল লক্ষ্য হওয়া উচিত। সংসদীয় কমিটিগুলোকে শক্তিশালী ও কার্যকর করতে হবে। রাজনৈতিক গণতন্ত্রের পাশাপাশি অর্থনীতির গণতন্ত্রায়ন অত্যন্ত জরুরি। এর সুফল শ্রমিকসহ সমাজের সর্বস্তরের মানুষ পাবে।

বিএনপি’র এ নেতা বলেন, ক্ষমতায় গেলে অনানুষ্ঠানিক সব ধরনের শ্রমের ক্ষেত্রে সহায়তা করা হবে। থিয়েটার ডিস্ট্রিক্ট, স্পোর্টস ইকোনোমি করতে চাই। সবকিছুই হবে জিডিপি এবং অর্থনীতিভিত্তিক। মেগা মেগা প্রকল্প করে দেশের উন্নয়ন দেখাতে চাই না। বরং দক্ষ জনগোষ্ঠী গড়তে চাই, এর মাধ্যমে দেশের মানুষের আয় বাড়াতে চাই, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে চাই।