আলুর বাজারের চলমান অস্থিরতা ঠেকাতে সম্প্রতি পাইকারি ও খুচরা পর্যায়ে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। তবে মাঠ পর্যায়ে সেই নির্দেশনা বাস্তবায়ন হয়নি। প্রশাসনের নানা উদ্যোগেও আলু উৎপাদনে অন্যতম শীর্ষ জেলা মুন্সিগঞ্জে বাজার নিয়ন্ত্রণে আসেনি। আলুর সরকার নির্ধারিত মূল্য পাইকারি প্রতি কেজি ২৭ ও খুচরা বাজারে ৩৫-৩৭ টাকায় কোথাও বিক্রি হচ্ছে না। 

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবার ট্রাকে করে খোলাবাজারে সরকারের বেঁধে দেয়া মূল্যে আলু বিক্রির ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।

গতকাল বিকালে ট্রাকে করে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রির এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু জাফর রিপন। এ সময় আলু ব্যবসায়ী ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে সাধারণ ভোক্তার কাছে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি করা হয়। ট্রাকে আলু বিক্রি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম, পঞ্চসার ইউনিয়ন চেয়ারম্যান গোলাম মোস্তফা ও স্থানীয় আলু ব্যবসায়ীসহ বিভিন্ন হিমাগার মালিকরা।

জেলা প্রশাসক বলেন, ‘‌প্রথম ধাপে ১০টি ট্রাকে করে প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে সরকার নির্ধারিত দামে বিক্রি হবে আলু। পর্যায়ক্রমে বাড়ানো হবে খোলাবাজারে আলু বিক্রির ট্রাকের সংখ্যা। ট্রাকে করে খোলাবাজারে আলু বিক্রি করা হলে শিগগিরই বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে। আর খোলাবাজারে ট্রাক থেকে আলু কিনলে সাধারণ ক্রেতা কেজিপ্রতি ৮-১০ টাকা সাশ্রয় হবে।’