বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে মৌলভীবাজারের কমলগঞ্জে ছয়টি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের রানীরবাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, উপজেলার রানীরবাজারে চেরাগ মিয়ার মুদির দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় দোকানটি বন্ধ ছিল। পুড়ে যাওয়া ছয়টি দোকানের মধ্যে একটি বীজঘর, একটি হোমিও চিকিৎসকের চেম্বার ও হোমিও ওষুধঘর। একটি দর্জির দোকান, একটি রেস্টুরেন্ট ও দুটি মুদিদোকান।

ভুক্তভোগী আফরোজ উদ্দিন জানান, দোকানের পুঁজি হিসেবে মাস দুয়েক আগে একটি এনজিও থেকে আড়াই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। তিনি দাবি করেন, তার দোকানের ৪ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে।

আরেক ভুক্তভোগী মন্ত্রী কুমার জানান, তার দোকানে একটি মোটরসাইকেলসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদ, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন ও স্থানীয় ইউপি সদস্য। তারা ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সহায়তার আশ্বাস দেন।