জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষে বিভিন্ন কোটায় আবেদনকৃত শিক্ষার্থীদের ভর্তি আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব আবু হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এতে মুক্তিযোদ্ধা কোটা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী-দলিত সম্প্রদায় ও  অনগ্রসর সম্প্রদায় কোটা, প্রতিবন্ধী কোটা, খেলোয়াড় কোটা ও উপাচার্য কোটায় সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে দেখা যায়, কোটায় ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রথম ধাপে ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে। ভর্তিকৃত শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে ৮ ও ৯ নভেম্বর সকাল ৯.৩০ থেকে বিকেল ৩ টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে।

খেলোয়াড় কোটা ও উপাচার্য কোটা ব্যতীত অন্য সকল কোটার বিপরীতে শূন্য আসনের তালিকা প্রকাশ করা হবে ১৩ নভেম্বর। প্রকাশিত তালিকা থেকে ১৪ ও ১৫ নভেম্বর অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ১৫ ও ১৬ নভেম্বর সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।