আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে মিরপুর ও কাফরুল নিয়ে গঠিত ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের নেতাকর্মীরা। এ সময় জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটে আরো একটি নতুন দলের অংশ নেবার কথা নিশ্চিত করা হয়েছে।
আজ সোমবার জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আব্দুল হালিম, ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, ঢাকা-১৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহ আলমসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
মনোনয়নপত্র জমা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের জানান, ৮ দলীয় জোটে এনসিপি ও এলডিপি যোগ দেয়ায় এই সংখ্যা এখন ১০। দশ দলের দলীয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট আব্দুল হালিম আরো একটি দলের জোটে যোগ দেবার ব্যাপারটি নিশ্চিত করে বলেন, ১০ দলের সঙ্গে আরেকটি দল নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে যাচ্ছে। শিগগিরই নাম জানানো হবে। আমরা যেন এই নতুন, ঐক্যবদ্ধ, ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিজয়ী হতে পারি—এই দোয়া চাই।










