লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের খাল থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। গতকাল বিকালে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের বটতলী এলাকায় অভিযান চালিয়ে মেঘনা সড়ক সরকারি খালে মেশিন দুটি জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রসিদ।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা কাজি সাহিন বিন কাশেম, রাজস্ব সার্ভেয়ার কামরুল আলম মিঠুসহ আরো অনেকে। তবে এর আগেই টের পেয়ে পালিয়ে যান অভিযুক্ত মেশিনের মালিক আলমগীর হোসেন (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের ৮ নং ওয়ার্ডের  মৃত লাতু মেম্বারের ছেলে আলমগীর হোসেন (৪৫) দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ডের বটতলী খাল থেকে দুটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিলেন। বালি উত্তোলন করে দালাল বাজার ডিগ্রি কলেজের পুকুর ভরাটের কাজ করে আসছেন। মেঘনা রোড সংযোগ খাল থেকে অবৈধ ড্রেজার মিশন দিয়ে বালি তোলায় ভাঙনের কবলে পড়েছে সড়কসহ আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অভিযানে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রসিদ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এ সময় ঘটনাস্থল থেকে বালি উত্তোলনের দুটি ড্রেজার মেশিন ও যন্ত্রপাতি জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. মামুনুর রসিদ বিষয়টি নিশ্চত করেছেন।