চুয়াডাঙ্গা শহরের পলাশপাড়ায় মোবাইল ফোন কেড়ে নেয়ায় ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে নামাজরত অবস্থায় নিহত হয়েছেন বাবা । শনিবার (২২ মার্চ) রাত ৮টার পর এ হত্যাকাণ্ড ঘটে। এ সময় নিহত ব্যক্তি এশার নামাজ আদায় করছিলেন।
নিহত বাবা এ.কে.এম.রিন্টু ওরফে দোদুল (৫২) বর্তমান পলাশপাড়ার মরহুম কাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি ভুসিমাল ব্যবসায়ী ছিলেন।
ঘাতক ছেলে হাফেজ কে.এম.রিফাত রহমানকে (১৭) স্থানীয়দের সহায়তায় আটক করেছে সদর থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান জানান, বাবা রিন্টু তার ছেলে রিফাতকে মোবাইল ফোন চালাতে নিষেধ করে এবং সেটি কেড়ে নেয়। এতে ক্ষিপ্ত হয়ে সে নামাজরত অবস্থায় বাবাকে বাড়িতে ব্যবহৃত ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে বাবা রিন্টু মারাত্মক আহত হন। স্থানীয়দের সহায়তায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক জুয়ায়েদ তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা জানার পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ঘাতক ছেলেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করে।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছেলে রিফাত বাবাকে হত্যার দায় স্বীকার করেছে। এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।










