নরসিংদীর মাধবদীতে গ্যাস সংযোগের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ছয়জন অগ্নিদগ্ধ হয়েছেন। গত রোববার রাত ৩টার দিকে সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের গদাইরচরে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর দগ্ধরা হলেন টেক্সটাইল শ্রমিক শামীম মিয়া (৪০), তার স্ত্রী আকলিমা বেগম (৩৫), মেয়ে সানজিদা (১৮), রিয়া মনি (৯), শামীমের বড় ভাই গাফফার মিয়া (৪০) ও ছোট ভাই রশিদ মিয়া (৩২)।
আহতদের পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আলগীর মানিক মিয়া নামে এক ব্যক্তি বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে আসছিল। সম্প্রতি শামীম মিয়ার বাড়ির পাশের ড্রেন দিয়ে বিলকিস নামে এক নারীর বাড়িতে গ্যাস সংযোগ দেয় মানিক মিয়া। ধারণা করা হচ্ছে, শামীম মিয়ার বাড়ির শৌচাগারের পাইপ দিয়ে সংযোগের লিকেজের মধ্য দিয়ে ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। ভোরে রান্নার জন্য চুলায় আগুন দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে গ্যাসের বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।










