মাদক সেবনে বাধা দেয়ায় নেত্রকোনার বারহাট্টায় এক যুবককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার মাঝরাতে উপজেলার ফকিরের বাজারের টুকরা বিলের পাশে আবদুল হক ওরফে হক মিয়া (৩৭) নামে ওই যুবককে হত্যার চেষ্টা করে মাদকসেবীরা।
এলাকাবাসী জানান, ফকিরের বাজার এলাকায় মিষ্টির ব্যবসার পাশাপাশি সুদে টাকা লেনদেন করেন রনি। তাকে চিহ্নিত মাদকসেবী বলছেন এলাকাবাসী। গত ২২ অক্টোবর রাতে সে দলবল নিয়ে হক মিয়ার বাড়িতে যায় এবং রাত যাপনের কথা বলে। আবদুল হক এতে আপত্তি করলেও শেষপর্যন্ত রনি তার সহযোগী খোকন মিয়া ও শামসুল হককে নিয়ে ওই বাড়িতে থেকে যান।
ভোরে আবদুল হক মসজিদ থেকে ফিরে দেখেন রনি ও তার সহযোগীরা তার বাসায় বসে ইয়াবা সেবন করছেন। এতে তিনি বাধা দেন এবং পুলিশে খবর দেবেন বলে তাদের সতর্ক করেন। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের শুরু।
এরই জেরে গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে সুদের টাকা দেয়ার কথা বলে আবদুল হককে টুকরা বিলের পাড়ে ডেকে নেন রনি। সেখানে সহযোগীদের নিয়ে হাত-পা বেঁধে হক মিয়াকে গলা কেটে হত্যার চেষ্টা চালান তিনি। এসময় হঠাৎ দূর থেকে কেউ টর্চলাইটের আলো ফেললে তারা হককে রেখে পালিয়ে যান। পরে আহত আবদুল হককে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক জানান, তিনি ঘটনাটি শুনেছেন । তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।










