বিএনপি-জামাত জোটের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতত্পরতা ও উন্নয়নের গতিকে বাধাগ্রস্ত করার অভিযোগে পটুয়াখালীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। গতকাল সকালে পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভানেত্রী জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন। এ সময় পৌর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকির সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম প্রিন্স, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা জাকিয়া সুলতানা বেবী, সাংগঠনিক সম্পাদিকা মিতু সিকদার।

এ সময় বক্তারা বিএনপি-জামায়াত জোটের ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতত্পরতার বিরুদ্ধে মহিলা আওয়ামী লীগের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐকবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চ টার্মিনালে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে তেল, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বিশ্বব্যাপী বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। সরকার চেষ্টা করছে এসব পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনতে। এ সুযোগে বিএনপি-জামায়াত জোট দেশে নৈরাজ্য সৃষ্টি করার অপতত্পরতা চালাচ্ছে। এ ব্যাপারে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি ।