মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
রোববার (২৬ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি সাহাজুদ্দিন মিয়া (৪৮) আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে রেবেকা বেগম প্রবাসে যেতে চাওয়ায় ক্ষিপ্ত হয়ে তার মুখে অ্যসিড মেরে পালিয়ে যান সাহাজুদ্দিন। পরে এ ঘটনায় একটি মামলা হয়। মামলায় সাহাজুদ্দিন ছাড়াও আসামি করা হয় আরো একজনকে। সাক্ষ্য-প্রমাণ শেষে আসামি সাহাজুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এ রায় দেন আদালত। এ মামলার অপর আসামিকে খালাস দেয়া হয়েছে।










