নতুন বিভাগ চালুসহ ৩৭ দফা দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে রংপুর কারমাইকেল কলেজে তৃতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আবাসিক হল নির্মাণ, যাতায়াতের জন্য বাস সংস্থান, নিরাপত্তার জন্য পুলিশ বক্স স্থাপনসহ বিভিন্ন দাবিতে আজ থেকে রেল ও সড়কপথ অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

গতকাল দুপুর পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করেন। এ সময় তারা ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ক্যাম্পাসে না আসবেন, ততক্ষণ আন্দোলন চলবে। তারা না আসা পর্যন্ত এইচএসসি পরীক্ষাও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

পরে দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমানমহ শিক্ষকরা দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার কথা জানান এবং কলেজের সুনাম অক্ষুণ্ন রাখতে এইচএসসি পরীক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারে সে সুযোগ দেয়ার আহ্বান জানান। তবে শিক্ষার্থীরা প্রশাসনের আহ্বানকে প্রত্যাখ্যান করে শিক্ষা উপদেষ্টা ও ইউজিসির চেয়ারম্যান ক্যাম্পাসে না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর ফলে কারমাইকেল কলেজে এইচএসসি পরীক্ষা দেয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজার রহমান বলেন, ‘কলেজে পুলিশ বক্স স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে। কলেজের উন্নয়নের জন্য আমরা একটি বড় বরাদ্দ পেয়েছি। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা সচিবের সঙ্গে কথা বলবেন। ছাত্র-শিক্ষক মিলে আমরা কলেজের উন্নয়ন করব। কিন্তু সেই প্রক্রিয়ায় যেতে আমাদের সময়ের প্রয়োজন। এক্ষেত্রে শিক্ষার্থীদের সহযোগিতাও প্রয়োজন।’

কলেজে একাডেমিক ভবন, অডিটোরিয়াম, আবাসিক হল নির্মাণ, শিক্ষক নিয়োগ, নতুন বিভাগ চালু, যাতায়াতের জন্য বাস সংস্থান, নিরাপত্তার জন্য পুলিশ বক্স স্থাপনসহ ৩৭ দফা দাবিতে ২২ জুন থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। প্রশাসনিক ও একাডেমি কার্যক্রম বন্ধ রেখে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল করে আসছেন তারা।