জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের পলাশ হোসেনকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নওগাঁর বদলগাছীর শমাপুর গ্রামের শফিউর রহমানের মেয়ে সনি খাতুন ও তার প্রেমিক পাঁচবিবির পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাবলু মন্ডলের ছেলে রনি হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ মার্চ সকালে আবু বক্কর সিদ্দিকের ছেলে পলাশ হোসেনের মরদেহ তার বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত চলাকালে সনি খাতুন স্বেচ্ছায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তিনি জানান, রনি হোসেন নামের একজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন সনি খাতুন। তারা খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে পলাশকে শ্বাসরোধ করে হত্যা করেন।