বান্দরবানের লামা উপজেলায় হাতির আক্রমণে আকতার হোসেন (৩৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। রোববার মধ্যরাত আড়াইটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কুমারী চাককাটা পাড়ায় এ ঘটনা ঘটে।  নিহত আকতার ওই এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে।

পুলিশ জানায়, রোববার রাত আড়াইটার দিকে বুনোহাতির পাল এসে আকতার হোসেনের বাড়ির উঠানে আম গাছ খেতে শুরু করে। বিষয়টি বুঝতে পেয়ে তিনি হাতি তাড়াতে যান। সে সময় হাতির আক্রমণের শিকার হন তিনি। ঘটনাস্থলে মানুষের উপস্থিতি বাড়লে হাতির পাল স্থান ত্যাগ করে জঙ্গলে ফিরে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।