নেত্রকোনার কলমাকান্দায় নিখোঁজের দুইদিন পর ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে স্থানীয়রা একটি পরিত্যক্ত ধানক্ষেতে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
নিহত শিশুর নাম জান্নাতুল। সে কলমাকান্দা উপজেলার পাগলা ইউনিয়নের সনুড়া-জসিউড়া গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার মেয়ে।
পুলিশ জানায়, গত ৪ মে বিকাল থেকে জান্নাতুল নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাননি। পরদিন ৫ মে শিশুটির পরিবার কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি করে।
আজ ভোরে স্থানীয়রা একটি পরিত্যক্ত ধানক্ষেতে জান্নাতুলের মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিদ্দিক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। শিশুটির মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।










