দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ে শুক্রবার বায়োলজিক্যাল অলিম্পিয়াডের রংপুর বিভাগীয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। বায়োলজিক্যাল অলিম্পিয়াড জাতীয় কমিটি ও সমকালের উদ্যোগে এবং দিনাজপুর সায়েন্স একাডেমির ব্যবস্থাপনায় এ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।
জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন।
বায়োলজিক্যাল অলিম্পিয়াড উৎসবে রংপুর বিভাগের আট জেলার দুই শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৯০০ প্রতিযোগী অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে ১ ঘণ্টার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসসি বিভাগের পরিচালক ও দিনাজপুর সায়েন্স একাডেমির সভাপতি ড. বিকাশ চন্দ্র সরকার, বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. আজিজুল হক, প্রভাষক নাজমুল হাসানসহ উপস্থিত প্রাণিবিজ্ঞানের শিক্ষকরা।
প্রশ্নোত্তর পর্ব শেষে বক্তব্য রাখেন বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী অনিরুদ্ধ প্রামাণিক, ভেনু প্রতিষ্ঠান দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান, দিনাজপুর সায়েন্স একাডেমির সহসভাপতি আসাদুল্লাহ্ সরকার, সমকালের ফুলবাড়ী প্রতিনিধি আজিজুল হক সরকার প্রমুখ।










