মুন্সিগঞ্জের চরকিশোরগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র ইমাম হোসেন নয়নের (২৬) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১ মে) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলের কাছ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে ডুবুরি দল এ উদ্ধার কাজে যুক্ত হয়ে বিকালে ঘটনাস্থল থেকে নয়নের মরদেহ উদ্ধার করে।
নারায়ণগঞ্জ কলেজের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের ছাত্র নয়ন নারায়ণগঞ্জের কুড়েরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে ও তিন ভাইয়ের মধ্যে ছোট। তিনি পড়াশোনার পাশাপাশি এশিয়া টেক কোম্পানিতে চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
নতনের পরিবারের স্বজনরা জানান, গতকাল সহকর্মীদের সঙ্গে ছুটির দিনে বেড়াতে যান ‘মিনি কক্সবাজার’ হিসেবে পরিচিত মুন্সিগঞ্জের পাশের গজারিয়া ফেরিঘাট সংলগ্ন নারায়ণগঞ্জের চরকিশোরগঞ্জে।
এ সময় দুপুর ৩ টার দিকে ছয় বন্ধু গোসল করতে নামেন। হঠাৎ মেঘনায় হারিয়ে যান নয়ন। বন্ধুরা তাৎক্ষণিক ৯৯৯ কল করে সাহায্য চান। পরে উদ্ধার কাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ নৌ পুলিশের সদস্যরা। নিখোঁজের তিন ঘণ্টা পরে নয়নের মরদেহ উদ্ধার করা হয়।










