দ্বিতীয় দিনের মত চলছে মানিকগঞ্জের পাটুরিয়ায় ১৭টি ট্রাকসহ ৩০টি যানবাহন নিয়ে উল্টে যাওয়া ফেরি আমানত শাহ উদ্ধার কাজ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় একটি ও বেলা সাড়ে ১২টায় আরো একটি কাভার্ডভ্যান উদ্ধার করে বিআইডবব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা । এ নিয়ে গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত মোট উদ্ধার হয়েছে ৪টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান ও ১টি মটরসাইকেল ।
এদিকে দুর্ঘটনাকবলিত ফেরি আমানত শাহ উদ্ধারের জন্য নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় গতকাল রাতেই পাটুরিয়ায় পৌঁছানোর কথা থাকলেও অজ্ঞাত কারণে আজ বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত দুর্ঘটনাস্থলে পৌঁছায়নি। যে কারণে ফেরিটি উদ্ধার নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কাভার্ড ভ্যান ও ট্রাকের চালক মালিকরা।
গতকাল বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটে ১৭টি ট্রাকসহ ৩০টি যানবাহন নিয়ে ডুবে যায় ফেরি আমানত শাহ। তবে ফেরি দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ডের কয়েকটি ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।










