নিউইয়র্কের উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাজ্যটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। গত ৩০ বছরে নিউইয়র্কে হামে আক্রান্ত হয়ে এটিই প্রথম মৃত্যুর ঘটনা। খবর গার্ডিয়ান।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল জানান, রাজ্যটির লুইস কাউন্টিতে শিশুটির মৃত্যু হয়েছে। এলাকাটি নিউইয়র্কের সিরাকিউজ শহর থেকে প্রায় ৯৩ মাইল বা ১৫০ কিলোমিটার উত্তরে অবস্থিত। এক বিবৃতিতে হোচুল বলেন, লুইস কাউন্টিতে হামে আক্রান্ত হয়ে একটি শিশুর মৃত্যুর খবর শুনে আমি গভীরভাবে শোকাহত।
এ মৃত্যুর জন্য টিকাদান বিষয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থানকে দায়ী করেন হোচুল। তিনি বলেন, নিউইয়র্কে গত ৩০ বছরে হামে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা এটি। প্রতিরোধযোগ্য রোগ থেকে আমেরিকানদের সুরক্ষায় কয়েক দশকের অগ্রগতি ওয়াশিংটন যখন পরিকল্পিতভাবে দুর্বল করে দিচ্ছে, তখন এ ঘটনা আমাদের মনে করিয়ে দিচ্ছে, এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।
২০০০ সালে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে হামের সংক্রমণ বন্ধ ঘোষণা করা হয়েছিল। উচ্চ টিকাদান হার বজায় রাখার মাধ্যমেই তা সম্ভব হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোয় দেশটিতে টিকাদানের হার কমে ৯৫ শতাংশের নিচে নেমেছে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে এ হার প্রয়োজন বলে মনে করা হয়।
যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এ বছর দেশটিতে হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। তবে বিভিন্ন অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ আরো বেশি মৃত্যুর খবর জানিয়েছে। পেনসিলভানিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা চলতি বছর এ রোগে ছয়জনের মৃত্যুর কথা জানিয়েছেন।
নিউইয়র্কের পার্শ্ববর্তী অঙ্গরাজ্যগুলো এবং রাজ্যটির গ্রামীণ এলাকায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় অক্টোবরের শুরুতে জরুরি অবস্থা ঘোষণা করেন হোচুল।
জরুরি নির্বাহী আদেশের আওতায় হাম প্রতিরোধী টিকা প্রয়োগের দায়িত্বে থাকা ব্যক্তিদের পরিধি বাড়ানো হয়। এর ফলে প্যারামেডিক, মিডওয়াইফসহ আরও কয়েক শ্রেণির স্বাস্থ্যকর্মী টিকা দিতে পারবেন। পাশাপাশি চিকিৎসকদের পাশাপাশি নার্সদেরও হামের পরীক্ষা নিরীক্ষার নির্দেশ দেয়ার ক্ষমতা দেয়া হয়।
সিডিসির ২৪ অক্টোবর প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবরের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে হামে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৪ হাজার ৫৮৮। ২০২৫ সালের মোট আক্রান্তের সংখ্যার দ্বিগুণেরও বেশি এটি।
একই সময়ে শুধু পেনসিলভানিয়াতেই আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৩৩৮। সাউথ ক্যারোলাইনা ও ইউটাহ অঙ্গরাজ্যেও বড় ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দুই অঙ্গরাজ্যেই আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) সচিব রবার্ট এফ কেনেডি জুনিয়র টিকা নিয়ে বিভিন্ন মন্তব্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন। সম্প্রতি শিশুদের জন্য টিকাদানসংক্রান্ত সুপারিশের সংখ্যা এক-তৃতীয়াংশ কমানোসহ টিকানীতিতে ব্যাপক পরিবর্তন এনেছেন তিনি।










