সিরাজগঞ্জে শিশু ধর্ষণের দায়ে হাবু খাঁ (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। গতকাল দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন।
দণ্ডিত হাবু খাঁ শাহজাদপুর উপজেলার ডায়াখাপাড়া গ্রামের শের আলী খাঁর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৬ জুন হাবু খাঁ চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় মামলা করেন। শুনানি শেষে বিচারক আসামি হাবু খাঁকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি আব্দুল হামিদ লাভলু রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেন।










