ঈদকে সামনে রেখে পবিত্র রমজান মাসে নারায়ণগঞ্জকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়তে অপারেশন ক্লিন স্ট্রিট নামে বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ সাতটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে এই কার্যক্রম পরিচালনা করছে জেলা পুলিশ।

তাদের সহযোগিতা করছে কমিউনিটি পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বেশ কয়েকটি টিম। সকাল আটটায় এই বিশেষ কার্যক্রমের শুরুতেই চাষাঢ়ায় বঙ্গবন্ধু রোড ও নবাব সলিমুল্লাহ রোডের দুই পাশে বাস, লেগুনা, সিএনজি ও ব্যাটারিচালিত অটো রিকশার সবগুলো অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করে ট্রাফিক পুলিশ। শহরে অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধ করাসহ রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিংও নিষিদ্ধ করা হয়। ফলে কোথাও কোন যানজট না থাকায় নগরীর চেহারা অনেকটাই পাল্টে গেছে। প্রতিদিনের মতো যানজট না থাকায় সাধারণ মানুষের ভোগান্তি দূর হয়েছে এবং স্বস্তি ফিরে এসেছে নগরবাসীর মধ্যে।

দুপুরে ট্রাফিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করতে বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করে জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার জানান, রমজান মাসে মানুষ যাতে রাস্তায় স্বস্তিতে চলাচল করে নিরাপদে বাড়ি ফিরতে পারেন তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বাত্মক চেষ্টা করবে। কমিউনিটি পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে জেলা পুলিশের এই কার্যক্রম ঈদ পরবর্তী সময় পর্যন্ত চলবে।