গুজবে কান না দিয়ে সম্প্রীতি রক্ষার অঙ্গীকার করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল বিকালে পঞ্চগড়ের বোদা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সম্প্রীতি সমাবেশে এ অঙ্গীকার করেন তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড় এ সমাবেশ আয়োজন করে। কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদের কাছে হিন্দুরা দেশ না ছাড়ার অঙ্গীকার করেন।
সমাবেশে বক্তারা বলেন, ‘এ দেশে আমাদের জন্ম, আমাদের বাপ-দাদার জন্ম। আমরা এ দেশ ছেড়ে কোথাও যাব না।’ এ সময় সম্প্রীতি রক্ষার মাধ্যমে দেশ গড়ার অঙ্গীকার করেন তারা।
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বোদা ও দেবীগঞ্জ উপজেলার ২০টি ইউনিয়ন থেকে সনাতন ধর্মাবলম্বীরা এসে জড়ো হতে শুরু করেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড়ের আহ্বায়ক প্রেমাশিষ কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, মহাসচিব এসএন তরুণ দে, কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম।










